প্রাচীনা একে একে তসবিরগুলি রাজকুমারীকে দেখাইতে লাগিল। আক্বর বাদশাহ, জাহাঁগীর,…
PYQ BPSC TRE (Classes 1-8) 2024
প্রাচীনা একে একে তসবিরগুলি রাজকুমারীকে দেখাইতে লাগিল। আক্বর বাদশাহ, জাহাঁগীর, শাহজহাঁ, নূরজহাঁ, নূরমহালের চিত্র দেখাইল। রাজকুমারী হাসিয়া হাসিয়া সকলগুলি ফিরাইয়া দিলেন, - বলিলেন, "ইহারা আমাদের কুটুম্ব, ঘরে ঢের তসবির আছে। হিন্দুরাজার তসবির আছে ?"
"অভাব কি ?" বলিয়া প্রাচীনা, রাজা মানসিংহ, রাজা বীরবল, রাজা জয়সিংহ প্রভৃতির চিত্র দেখাইল। রাজপুত্রী তাহাও ফিরাইয়া দিলেন, বলিলেন, "এও লইব না। এ সকল হিন্দু নয়, ইহারা মুসলমানের চাকর।"
প্রাচীনা তখন হাসিয়া বলিল, "মা, কে কার চাকর, তা আমি ত জানি না। আমার যা আছে, দেখাই, পসন্দ করিয়া লও।"
প্রাচীনা চিত্র দেখাইতে লাগিল। রাজকুমারী পসন্দ করিয়া রাণা প্রতাপ, রাণা অমরসিংহ, রাণা কর্ণ, যশোবন্ত সিংহ প্রভৃতি কয়খানি চিত্র ক্রয় করিলেন একখানি বৃদ্ধা ঢাকিয়া রাখিল, দেখাইল না।
রাজকুমারী জিজ্ঞাসা করিলেন, "ওখানি ঢাকিয়া রাখিলে যে ?" বৃদ্ধা কথা কহে না। রাজকুমারী পুনরপি জিজ্ঞাসা করিলেন।
বৃদ্ধা ভীতা হইয়া করযোড়ে কহিল, "আমার অপরাধ লইবেন না - অসাবধানে ঘটিয়াছে অন্য তসবিরের সঙ্গে আসিয়াছে।"
রাজকুমারী বলিলেন, "অত ভয় পাইতেছে কেন ? এমন কাহার তসবির যে, দেখাইতে ভয় পাইতেছ ?"
বুড়ী। দেখিয়া কাজ নাই। আপনার ঘরের দুশমনের ছবি।
রাজকুমারী। কার তসবির ?
বুড়ী। (সভয়ে) রাণা রাজসিংহের।
রাজকুমারী হাসিয়া বলিলেন, "বীরপুরুষ স্ত্রীজাতির কখনও শত্রু নহে। আমি ও তসবির লইব।"
তখন বৃদ্ধা রাজসিংহের চিত্র তাঁহার হস্তে দিল। চিত্র হাতে লইয়া রাজকুমারী অনেকক্ষণ ধরিয়া তাহা নিরীক্ষণ করিতে লাগিলেন : দেখিতে দেখিতে তাঁহার মুখ প্রফুল্ল হইল, লোচন বিস্ফারিত হইল। একজন সখী, তাঁহার ভাব দেখিয়া চিত্র দেখিতে চাহিল - রাজকুমারী তাহার হস্তে চিত্র দিয়া বলিলেন, "দেখ। দেখিবার যোগ্য বটে।"
সখীগণের হাতে হাতে সে চিত্র ফিরিতে লাগিল। রাজসিংহ যুবা পুরুষ নহে- তথাপি তাঁহার চিত্র দেখিয়া সকলে প্রশংসা করিতে লাগিল।
বৃদ্ধা সুযোগ পাইয়া এই চিত্রখানিতে দ্বিগুণ মুনাফা করিল। তারপর লোভ পাইয়া বলিল, ঠাকুরাণি। যদি বীরের তসবির লইতে হয়, তবে আর একখানি দিতেছি। ইহার মত পৃথিবীতে বীর কে ?
এই বলিয়া বৃদ্ধা আর একখানি চিত্র বাহির করিয়া রাজপুত্রীর হাতে দিল। রাজকুমারী জিজ্ঞাসা করিলেন, "এ কাহার চেহারা ?"
বৃদ্ধা। বাদশাহ আলমগীরের।
রাজকুমারী। কিনিব।
এই বলিয়া একজন পরিচারিকাকে রাজপুত্রী ক্রীত চিত্রগুলির মূল্য আনিয়া বৃদ্ধাকে বিদায় করিয়া দিতে বলিলেন। পরিচারিকা মূল্য আনিতে গেল, ইত্যবসরে রাজপুত্রী সখীগণকে বলিলেন, "এসো, একটু আমোদ করা যাক।"
রঙ্গপ্রিয়া বয়স্যাগণ বলিল, "কি আমোদ বল! বল !"
রাজপুত্রী বলিলেন, "আমি এই আলমগীর বাদশাহের চিত্রখানি মাটিতে রাখিতেছি। সবাই উহার মুখে এক একটি বাঁ পায়ের নাতি মার। কার নাতিতে উহার নাক ভাঙ্গে দেখি।"
ভয়ে সখীগণের মুখ শুকাইয়া গেল। একজন বলিল, "অমন কথা মুখে আনিও না, কুমারীজী ! কাক পক্ষীতে শুনিলেও, রূপনগরের গড়ের একখানি পাতর থাকিবে না।"
হাসিয়া রাজপুত্রী চিত্রখানি মাটিতে রাখিলেন, "কে নাতি মারিবি মার।"
রাজকুমারী আলমগীরের চিত্র কেন কিনতে চাইলেন ?
- A.
তিনি আলমগীরের চিত্র সংগ্রহ করতে চান
- B.
তিনি আলমগীরের চিত্র দিয়ে আমোদ করতে চান
- C.
তিনি আলমগীরকে শ্রদ্ধা করেন
- D.
উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক
- E.
উপরের কোনোটিই নয়
Sign up free to check your answer
Sign up freeExplore the full course: Bpsc Tre 4 Primary Teacher Class 1 5
Loading lesson…

